ইসরাইলি অ্যাপ ব্যবহার নিষিদ্ধ করল মালয়েশিয়া

Oct 22, 2026 - 13:15
 0  2
ইসরাইলি অ্যাপ ব্যবহার নিষিদ্ধ করল মালয়েশিয়া

ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্টতা ও তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে সরকারি কর্মীদের নেভিগেশন অ্যাপ ওয়েজ (ওয়েজ) ব্যবহার নিষিদ্ধ করেছে মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নির্দেশে তাৎক্ষণিকভাবে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কার্যালয় জানিয়েছে, ওয়েজের ব্যবহারকারীদের তথ্য নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ওয়েজ মোবাইল লিমিটেড ইসরাইলে নিবন্ধিত এবং ইসরাইলি আইনের আওতাধীন। এ কারণে সরকারি তথ্য ও নাগরিকদের ব্যক্তিগত উপাত্তের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

আনোয়ার ইব্রাহিমের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, সংবেদনশীল সরকারি তথ্য ও নাগরিকদের ব্যক্তিগত উপাত্ত যেন ইসরাইল অপব্যবহার করতে না পারে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের তথ্যের অপব্যবহার দেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করতে পারে।

মালয়েশিয়ার সরকারি কর্মীদের ওয়েজ ব্যবহার বন্ধে তাৎক্ষণিক নির্দেশনা দেওয়া হয়েছে। দেশটির সরকারি প্রধান সচিব শামসুল আজরি আবু বকর ২০ অক্টোবরের একটি চিঠিতে সরকারি দপ্তর ও সংস্থার প্রধানদের এ নির্দেশনা বাস্তবায়নের কথা জানান। জাতীয় সাইবার নিরাপত্তা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ওয়েজের পরিবর্তে মালয়েশিয়ায় তৈরি ‘তুজু’ নামের নেভিগেশন অ্যাপ ব্যবহারের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। মালয়েশিয়ার মহাসড়ক কর্তৃপক্ষের তৈরি এই অ্যাপের মাধ্যমে পথনির্দেশনা, যানজটের হালনাগাদ তথ্য, যাত্রার সম্ভাব্য সময় এবং টোলসংক্রান্ত তথ্য জানা যায়।

ইসরাইলে তৈরিকৃত ওয়েজ অ্যাপটি ২০১৩ সালে কিনে নেয় মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান গুগল। স্যাটেলাইট সংকেত ও ব্যবহারকারীদের কাছ থেকে সংগৃহীত তথ্য কাজে লাগিয়ে অ্যাপটি তাৎক্ষণিক যানজট ও সড়কের পরিস্থিতি জানায়।

মালয়েশিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে দীর্ঘদিন ধরে অবস্থান নিয়ে আসছে। দেশটির সঙ্গে ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক নেই। ফলে ওয়েজের ইসরাইলি সংশ্লিষ্টতা নিয়ে নিরাপত্তা উদ্বেগের বিষয়টি দেশটির রাজনৈতিক ও কূটনৈতিক অবস্থানের সঙ্গেও সম্পর্কিত।

তবে ওয়েজের পক্ষ থেকে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বা সংবেদনশীল সরকারি তথ্য সংগ্রহ করে অপব্যবহারের অভিযোগ অস্বীকার করা হয়েছে। রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, তাদের কঠোর গোপনীয়তা নীতি রয়েছে এবং তারা বৈশ্বিক তথ্য সুরক্ষা মানদণ্ড মেনে চলে।

মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে ওয়েজ ব্যবহারের কারণে তথ্য অপব্যবহারের নির্দিষ্ট কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি। তবে সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নিয়ে সরকারি কর্মীদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সূত্র: দ্য বারনামা ও রয়টার্স

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
admin আপনার আশেপাশের তথ্য, সংবাদ, সমস্যা, সম্ভবনা, প্রতিভা, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সংগীত, ব্যবসা, বানিজ্য প্রতিটি তথ্যের বিন্দু বিসর্গ তুলে ধরতে চাই। এই চেষ্টায় আপনাদের সাথে চাই, পাশে চাই, সহযোগীতা, পরামর্শ তথ্য চাই। md.sumon71khobor@gmail.com