বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী

Oct 21, 2026 - 17:22
 0  0
বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী

সুন্দরবন পর্যবেক্ষণ, মোংলা বন্দরের জেটি ও বেজার প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দুপুরে বিএনপির মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে।

নির্বাচনের পর সরকারপ্রধানের এই সফর ঘিরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তৈরি হয়েছে ব্যাপক প্রত্যাশা। সুন্দরবনের পর্যটন সম্ভাবনা, মোংলা বন্দরের বাণিজ্য সম্প্রসারণ এবং অর্থনৈতিক অঞ্চল ঘিরে দেশি-বিদেশি বিনিয়োগের সুযোগ সরেজমিনে দেখবেন তিনি।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকালে হেলিকপ্টারে ঢাকা থেকে রওনা হয়ে সুন্দরবন ও হিরণ পয়েন্ট পর্যবেক্ষণ করবেন প্রধানমন্ত্রী। এরপর খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন তিনি। সেখান থেকে নৌপথে পৌঁছাবেন মোংলা নৌঘাঁটিতে। মধ্যাহ্নবিরতির পর বিকেলে মোংলা বন্দরের জেটি ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।

এ সময় বন্দরের বাণিজ্যিক কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং অর্থনৈতিক অঞ্চল ঘিরে বিনিয়োগ ও কর্মসংস্থান সম্প্রসারণের সম্ভাবনা গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর সফর ঘিরে সুন্দরবন, দাকোপ ও মোংলা বন্দর এলাকায় গড়ে তোলা হয়েছে তিন স্তরের কঠোর নিরাপত্তাবলয়। একদিকে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ ও পর্যটন, অন্যদিকে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার মোংলা বন্দর। এর সঙ্গে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল ঘিরে নতুন শিল্পকারখানা স্থাপন, বিনিয়োগ আকর্ষণ ও কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্টদের মতে, পরিকল্পিত উদ্যোগ ও প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করা গেলে এসব সম্ভাবনা কাজে লাগিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে বড় পরিবর্তন আনা সম্ভব। এদিকে প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে দীর্ঘদিন ধরে প্রতীক্ষিত খানজাহান আলী বিমানবন্দর চালুসহ উপকূলীয় অঞ্চলের উন্নয়ন নিয়ে নতুন আশার সঞ্চার হয়েছে স্থানীয়দের মধ্যে। তাদের প্রত্যাশা, সুন্দরবন, বন্দর ও অর্থনৈতিক অঞ্চল ঘিরে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হলে এ অঞ্চলে বিনিয়োগ বাড়বে, তৈরি হবে নতুন কর্মসংস্থান এবং গতি পাবে স্থানীয় অর্থনীতি।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
admin আপনার আশেপাশের তথ্য, সংবাদ, সমস্যা, সম্ভবনা, প্রতিভা, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সংগীত, ব্যবসা, বানিজ্য প্রতিটি তথ্যের বিন্দু বিসর্গ তুলে ধরতে চাই। এই চেষ্টায় আপনাদের সাথে চাই, পাশে চাই, সহযোগীতা, পরামর্শ তথ্য চাই। md.sumon71khobor@gmail.com