হরমুজ প্রণালিতে উত্তেজনার জন্য দায়ী যুক্তরাষ্ট্র: আরাগচি
হরমুজ প্রণালি ও মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্রের সমঝোতা ভঙ্গকে দায়ী করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তাঁর দাবি, ওয়াশিংটনের পদক্ষেপই আঞ্চলিক উত্তেজনা ও সাম্প্রতিক সংঘাতকে আরও গভীর করেছে।
শুক্রবার (২৪ জুলাই) কাজাখস্তানে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে আব্বাস আরাগচি এ মন্তব্য করেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে।
বৈঠকে আরাগচি ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়ে এটিকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং ‘যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেন। তিনি বলেন, এসব হামলা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি তৈরি করেছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, ওয়াশিংটন ইসলামাবাদ চুক্তির ৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ইরানের দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করেছে। তাঁর ভাষ্য, চুক্তির শর্ত লঙ্ঘনের কারণেই হরমুজ প্রণালিকে ঘিরে বর্তমান সংকট ও সাম্প্রতিক সংঘাতের সৃষ্টি হয়েছে।
আরাগচি আরও বলেন, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের উচিত আন্তর্জাতিক আইন ও পারস্পরিক অঙ্গীকার মেনে চলা। তিনি সংকট নিরসনে কূটনৈতিক উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তথ্যসূত্র: মিডল ইস্ট আই
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0