দীর্ঘ নীরবতার পর মুজতবা খামেনির ভিডিও প্রকাশ

Aug 9, 2026 - 00:45
 0  2
দীর্ঘ নীরবতার পর মুজতবা খামেনির ভিডিও প্রকাশ

দীর্ঘদিন প্রকাশ্যে না আসা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনির একটি বিরল ভিডিও প্রকাশ করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ। শনিবার (৮ আগস্ট) প্রকাশিত ১৩ সেকেন্ডের ভিডিওতে কয়েকজন ব্যক্তির সঙ্গে বসে কথা বলতে দেখা যায় তাকে। তাকে দৃশ্যত সুস্থ ও স্বাভাবিক দেখা গেলেও ভিডিওটি কখন ও কোথায় ধারণ করা হয়েছে, তা জানানো হয়নি।

মেহের নিউজের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত ভিডিওটি পরে চীনের সিনহুয়া ও সিজিটিএনসহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচার করা হয়। ভিডিওতে মুজতবা খামেনির সঙ্গে থাকা ব্যক্তিদের পরিচয়ও প্রকাশ করা হয়নি। ফলে ফুটেজটি সাম্প্রতিক কি না, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ভিডিওটি এমন সময়ে প্রকাশ করা হলো, যখন দীর্ঘদিন ধরে মুজতবা খামেনির জনসমক্ষে অনুপস্থিতি নিয়ে নানা জল্পনা চলছে। সম্প্রতি তার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশের পর মেহের নিউজের এই ভিডিওকে কেউ কেউ সেই জল্পনার জবাব হিসেবে দেখছেন। তবে ইরানি কর্তৃপক্ষ ভিডিওটির উদ্দেশ্য বা ধারণের সময় সম্পর্কে কোনো ব্যাখ্যা দেয়নি।

এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছিলেন, মুজতবা খামেনির সঙ্গে যোগাযোগ করা বর্তমানে ‘খুবই কঠিন’। তবে তার উপস্থিতি ইরানের জন্য ‘অনেক বড় শক্তি’ বলেও মন্তব্য করেন তিনি।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর ৮ মার্চ বিশেষজ্ঞ পরিষদ তার ছেলে মুজতবা খামেনিকে দেশটির নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত করে। মুজতবা খামেনি দীর্ঘদিন ইরানের ক্ষমতাকেন্দ্রে প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত হলেও এর আগে কোনো সরকারি পদে ছিলেন না।

সর্বোচ্চ নেতা হওয়ার পরও তাকে খুব কমই প্রকাশ্যে দেখা গেছে। তার দীর্ঘ অনুপস্থিতি ও নিয়মিত বক্তব্য না দেওয়ায় স্বাস্থ্য নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এর মধ্যে মেহের নিউজের প্রকাশিত ১৩ সেকেন্ডের ভিডিওটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে ভিডিওটি সাম্প্রতিক—এমন স্বাধীন প্রমাণ এখনো পাওয়া যায়নি।

ইরানের সর্বোচ্চ নেতা দেশটির রাজনৈতিক ও সামরিক কাঠামোর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরসহ নিরাপত্তা কাঠামোর ওপর তার ব্যাপক প্রভাব রয়েছে। ফলে মুজতবা খামেনির শারীরিক উপস্থিতি ও নেতৃত্বের সক্ষমতা ইরানের অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতির জন্যও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
admin আপনার আশেপাশের তথ্য, সংবাদ, সমস্যা, সম্ভবনা, প্রতিভা, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সংগীত, ব্যবসা, বানিজ্য প্রতিটি তথ্যের বিন্দু বিসর্গ তুলে ধরতে চাই। এই চেষ্টায় আপনাদের সাথে চাই, পাশে চাই, সহযোগীতা, পরামর্শ তথ্য চাই। md.sumon71khobor@gmail.com