দিল্লির বিক্ষোভ তুঙ্গে, দ্রুত বিচার আদালতের ঘোষণা মোদির
ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে চলমান বিক্ষোভ আরও জোরালো হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে আয়োজিত এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানিয়ে আসছেন বিক্ষোভকারীরা। মন্ত্রীর পদত্যাগ না হওয়ায় আন্দোলন আরও বেগবান হচ্ছে বলে দাবি করেছেন তারা।
এমন পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানিয়েছেন, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে। এ জন্য দ্রুত বিচার আদালতের মাধ্যমে দ্রুততম সময়ে বিচার সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় মোদি বলেন, ‘আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ ও ভবিষ্যৎ সুরক্ষায় সরকারের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী মোদি সতর্ক করে বলেন, ‘যারা দেশের তরুণদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’ প্রশ্নপত্র ফাঁসের মতো অপরাধের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে বলেও তার বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়।
এদিকে আন্দোলনকারীরা শুধু শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ারও দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে এবং এ দায় সরকারকেই নিতে হবে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0