ছয় মাসে সিটি ব্যাংকের মুনাফা ছাড়াল ৫ বিলিয়ন টাকা

Jul 29, 2026 - 03:00
 0  1
ছয় মাসে সিটি ব্যাংকের মুনাফা ছাড়াল ৫ বিলিয়ন টাকা

চলতি বছরের প্রথম ছয় মাসে দেশীয় মালিকানাধীন সিটি ব্যাংকের মুনাফা ৫ বিলিয়ন বা ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে। গত বছরের প্রথম ছয় মাসের চেয়ে চলতি বছরের প্রথম ছয় মাসে ব্যাংকটির মুনাফা বেড়েছে ২২৬ কোটি টাকা বা ৭৫ শতাংশের বেশি।

 ব্যাংকটির গত জানুয়ারি-জুন বা অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। গতকাল সোমবার ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এ আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়। আর আজ মঙ্গলবার আর্থিক প্রতিবেদনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মাধ্যমে বিনিয়োগকারীদের জানিয়েছে ব্যাংকটি।

আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ব্যাংকটির কর–পরবর্তী সমন্বিত মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ৫২৭ কোটি টাকায়। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩০১ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির মুনাফা বেড়েছে ২২৬ কোটি টাকা বা ৭৫ শতাংশের বেশি। ব্যাংকটির সুদ আয় বৃদ্ধির পাশাপাশি সরকারি বিভিন্ন বিল-বন্ডের বিনিয়োগ থেকে আয় উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাওয়ায় মুনাফায় বড় প্রবৃদ্ধি হয়েছে।

চলতি বছরের প্রথম ছয় মাসে সিটি ব্যাংক ঋণের সুদ বাবদ আয় করেছে ২ হাজার ৭৮৫ কোটি টাকা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২ হাজার ৬৪৪ কোটি টাকা। সেই হিসাবে গত বছরের প্রথমার্ধের তুলনায় চলতি বছরের প্রথমার্ধে ব্যাংকটির সুদ আয় বেড়েছে ১৪১ কোটি টাকা বা ৫ শতাংশের বেশি। আর একই সময়ের ব্যবধানে আমানতের সুদ বাবদ ব্যাংকটির খরচ বেড়েছে ১০৯ কোটি টাকা বা প্রায় সাড়ে ৪ শতাংশ। অর্থাৎ ঋণের সুদ বাবদ আয় যতটা বেড়েছে, আমানতের সুদ ব্যয় বেড়েছে তার চেয়ে কম। চলতি বছরের প্রথম ছয় মাসে আমানতের সুদ বাবদ ব্যাংকটি ব্যয় করেছে ২ হাজার ৫৬২ কোটি টাকা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২ হাজার ৪৫৩ কোটি টাকা।

 আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, সুদ আয় বৃদ্ধির পাশাপাশি বিনিয়োগ থেকে আয়ও এই বছর উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে ব্যাংকটির। চলতি বছরের প্রথম ছয় মাসে সরকারি বিভিন্ন বিল-বন্ডের বিনিয়োগ থেকে ব্যাংকটি আয় করেছে ১ হাজার ৯১১ কোটি টাকা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১ হাজার ৬৫৪ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে বিনিয়োগ থেকে সিটি ব্যাংকের আয় বেড়েছে ২৫৭ কোটি টাকা বা সাড়ে ১৫ শতাংশের বেশি। সেই সঙ্গে বেড়েছে ব্যাংকের বিভিন্ন ধরনের কমিশন থেকে আয়ও। চলতি বছরের প্রথমার্ধে এই খাত থেকে ব্যাংকটি আয় করেছে ৫২৯ কোটি টাকা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৪২৬ কোটি টাকা। সে হিসাবে গত বছরের প্রথম ছয় মাসের চেয়ে এ বছরের একই সময়ে কমিশন বাবদ ব্যাংকটির আয় বেড়েছে ১০৩ কোটি টাকা।

 এ ছাড়া মন্দ মানের ঋণের বিপরীতে ব্যাংকটির নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশনিংও গত বছরের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। গত বছরের প্রথম ছয় মাসে প্রভিশনিং বাবদ ব্যাংকটিকে সংরক্ষণ করতে হয়েছিল ৬৫৭ কোটি টাকা। চলতি বছরের প্রথম ছয় মাসে তা কমে ৪৭৪ কোটি টাকায় নেমেছে। সে হিসাবে এই খাতে ব্যাংকটির সাশ্রয় হয়েছে ১৮৩ কোটি টাকা। এসব কারণে বছরের প্রথমার্ধে ব্যাংকটির মুনাফায় বড় ধরনের প্রবৃদ্ধি হয়। ছয় মাসে তা প্রথম বারের মতো ৫ বিলিয়ন বা ৫০০ কোটি টাকা ছাড়িয়ে যায়।

 গত বছর শেষে সিটি ব্যাংক প্রথমবারের মতো ১ হাজার ৩২৪ কোটি টাকার রেকর্ড মুনাফা করে। এ বছর প্রথমার্ধেই তা সোয়া ৫০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। সিটি ব্যাংক–সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ব্যাংকের ব্যবসার এই ধারা অব্যাহত থাকলে চলতি বছর শেষেও মুনাফার নতুন রেকর্ড হতে পারে।

 সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিন গণমাধ্যমকে বলেন, গত ছয় মাসে ব্যাংকের ঋণ প্রায় সাড়ে ৮ শতাংশ বেড়েছে। আর আমানতের প্রবৃদ্ধি ছিল সাড়ে ১৫ শতাংশ। তবে দেশের সামগ্রিক ঋণ প্রবৃদ্ধি মন্থর হওয়ায় বাড়তি আমানতের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে সরকারি সিকিউরিটিজে কৌশলগত বিনিয়োগ অনেক বাড়িয়েছি আমরা। চলতি বছরের প্রথম ছয় মাসে ব্যাংকের প্রকৃত সুদ আয় বেড়েছে ১৭ শতাংশ। আর বিনিয়োগ থেকে আয় বেড়েছে সাড়ে ১৫ শতাংশ। আশা করছি, দেশের ঋণ প্রবৃদ্ধি স্বাভাবিক ধারায় ফিরে এলে ব্যাংকের মূল ঋণ ব্যবসা থেকে আয়ের প্রবৃদ্ধি আরও শক্তিশালী হবে। মূল্যস্ফীতিজনিত চাপ সত্ত্বেও ব্যয় ব্যবস্থাপনায় দক্ষতার কারণে সিটি ব্যাংকের কস্ট-টু-ইনকাম অনুপাত ৪৬ দশমিক ১ শতাংশে রয়েছে। এইটা আমাদের জন্য ভালো কথা।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
admin আপনার আশেপাশের তথ্য, সংবাদ, সমস্যা, সম্ভবনা, প্রতিভা, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সংগীত, ব্যবসা, বানিজ্য প্রতিটি তথ্যের বিন্দু বিসর্গ তুলে ধরতে চাই। এই চেষ্টায় আপনাদের সাথে চাই, পাশে চাই, সহযোগীতা, পরামর্শ তথ্য চাই। md.sumon71khobor@gmail.com