কিশোর অবস্থায় বিক্ষোভে অংশগ্রহণ, তরুণকে মৃত্যুদণ্ড দিল সৌদি

Oct 16, 2026 - 16:32
 0  1
কিশোর অবস্থায় বিক্ষোভে অংশগ্রহণ, তরুণকে মৃত্যুদণ্ড দিল সৌদি

সৌদি আরবে ১৫ থেকে ১৭ বছর বয়সে বিভিন্ন বিক্ষোভ ও জানাজায় অংশ নেওয়ার অপরাধে এক তরুণ এখন মৃত্যুদণ্ডের মুখোমুখি দাঁড়িয়েছেন। মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে, অ-সহিংস অপরাধের জন্য দেশটির সাম্প্রতিক সময়ে বেড়ে যাওয়া মৃত্যুদণ্ড কার্যকরের এটি একটি নতুন উদাহরণ।

ইউসুফ আল-মানাসিফ নামের এই তরুণকে ২০১৭ সালে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে শিয়া সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতার দাবিতে আয়োজিত গণবিক্ষোভে অংশ নেওয়া এবং সৌদি কর্তৃপক্ষের দৃষ্টিতে বিক্ষোভ বলে গণ্য হওয়া বেশ কিছু জানাজায় উপস্থিত থাকার অভিযোগ আনা হয়। পরবর্তীতে সন্ত্রাসবাদ সংক্রান্ত বিচার কাজের জন্য গঠিত বিশেষায়িত অপরাধ আদালতে বিচার শেষে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা 'রিপ্রাইভ' জানিয়েছে, গ্রেপ্তারের পর মানাসিফকে মারাত্মক নির্যাতন করা হয় এবং জোরপূর্বক একটি মিথ্যা স্বীকারোক্তিপত্রে স্বাক্ষর করতে বাধ্য করা হয়। এমনকি গ্রেফতার হওয়ার দীর্ঘ পাঁচ বছর পর তিনি প্রথমবারের মতো তার রাষ্ট্রনিয়োজিত আইনজীবীর সাথে দেখা করার সুযোগ পান। সম্প্রতি সৌদি সুপ্রিম কোর্ট মানাসিফের মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছে। 

অভিযুক্ত তরুণের পরিবার এই বিষয়ে জনসম্মুখে কোনো বক্তব্য দেয়নি, কারণ কথা বললে তারা নিজেরাও হয়রানি বা গ্রেফতারের শিকার হতে পারেন। রিপ্রাইভ এবং ইউরোপিয়ান সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস-এর পরামর্শক দুয়া ধাইনি জানিয়েছেন, এই মুহূর্তে পরিবারটির আর কিছুই করার নেই, শুধু অপেক্ষা করা ছাড়া।

যুবরাজ মোহাম্মদ বিন সালমানের শাসনামলে সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের হার আশঙ্কাজনকভাবে বেড়েছে বলে অধিকারকর্মীরা উল্লেখ করেছেন। গত বছর দেশটিতে রেকর্ড ৩৫৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যাদের বেশিরভাগই সামান্য বা অ-সহিংস অপরাধে দোষী সাব্যস্ত হওয়া বিদেশি নাগরিক। সংস্থাটির হিসাব অনুযায়ী, ২০১৫ সাল থেকে এ পর্যন্ত অন্তত ১৭ জন ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যারা কথিত অপরাধের সময় শিশু বা অপ্রাপ্তবয়স্ক ছিলেন।

যদিও সৌদি আরব ২০২০ সালে একটি রাজকীয় ফরমান জারি করে অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে মৃত্যুদণ্ড রদের ঘোষণা দিয়েছিল এবং জানিয়েছিল যে নাবালক অবস্থায় সংঘটিত অপরাধের জন্য কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না তবুও এর পর থেকে বেশ কয়েকটি শিশু অপরাধীর ক্ষেত্রে মৃত্যুদণ্ডের রায় বহাল রাখা হয়েছে। চলতি বছরের এপ্রিলে ১২ বছর বয়সে সংঘটিত অ-মারাত্মক 'সন্ত্রাসবাদী' অপরাধের দায়ে আলী আল-সুবাইতি এবং তার চাচা মুস্তফা আল-সুবাইতির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

জাতিসংঘের স্বাধীন মানবাধিকার বিশেষজ্ঞরা এর আগেও মানাসিফের মামলাটি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, ১৮ বছরের কম বয়সে সংঘটিত অপরাধের জন্য যাদের দণ্ড দেওয়া হয়েছে, সৌদি আরবের উচিত অবিলম্বে তাদের পরিকল্পিত মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করা।

সৌদি শাসকগোষ্ঠী সম্পর্কে দুয়া ধাইনি আরও বলেন, তারা তাদের ক্ষমতা প্রদর্শন করতে এবং যারা তাদের নিয়ম মেনে চলে না তাদের ভয় দেখাতে মৃত্যুদণ্ডকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। যেহেতু তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ১৮ বছরের কম বয়সের সাথে সম্পর্কিত, তাই তাকে একজন অপ্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচনা করা উচিত এবং মৃত্যুদণ্ড দেওয়া উচিত নয়। অন্যদিকে হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, অপ্রাপ্তবয়স্ক অবস্থায় করা অ-সহিংস অপরাধের জন্য মানাসিফকে মৃত্যুদণ্ড দেওয়া হবে অত্যন্ত বিবেকহীন ও অধঃপতনের এক নতুন রেকর্ড।

সূত্র: দ্য গার্ডিয়ান

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
admin আপনার আশেপাশের তথ্য, সংবাদ, সমস্যা, সম্ভবনা, প্রতিভা, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সংগীত, ব্যবসা, বানিজ্য প্রতিটি তথ্যের বিন্দু বিসর্গ তুলে ধরতে চাই। এই চেষ্টায় আপনাদের সাথে চাই, পাশে চাই, সহযোগীতা, পরামর্শ তথ্য চাই। md.sumon71khobor@gmail.com