অনুমোদিত কোনো হজ বা ওমরাহ এজেন্সি নয়: ধর্ম মন্ত্রণালয়

Aug 9, 2026 - 22:25
 0  1
অনুমোদিত কোনো হজ বা ওমরাহ এজেন্সি নয়: ধর্ম মন্ত্রণালয়

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া আয়োজিত ১৪৪৭ হিজরি (২০২৭) হজের লিড ও সমন্বয়কারী এজেন্সিগুলোর সংবর্ধনা অনুষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। তবে মন্ত্রণালয়ের নির্দেশের পরও গতকাল রোববার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্টের সেনা মালঞ্চে অনুষ্ঠানটি আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় গত বৃহস্পতিবার জারি করা এক চিঠিতে জানায়, গতকাল রোববার সন্ধ্যা ৭টায় ‘বিনা ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড’-এর উদ্যোগে হজের লিড ও সমন্বয়কারী এজেন্সিগুলোর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. তফিকুল ইসলাম স্বাক্ষরিত স্মারকে বলা হয়, অনুষ্ঠানটির আয়োজক ‘বিনা ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড’ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত কোনো হজ এজেন্সি বা অংশীজন নয়। ফলে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের এখতিয়ার প্রতিষ্ঠানটির নেই। এ বিষয়ে মন্ত্রণালয়ও অবগত নয়। স্মারকে আরও বলা হয়, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে সেনা মালঞ্চে অনুষ্ঠেয় সংবর্ধনা অনুষ্ঠানটি বন্ধ করা প্রয়োজন। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুষ্ঠানটি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
এর আগে একই দিন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে চিঠি দিয়ে অনুষ্ঠানটি বন্ধের দাবি জানায়। হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার ও মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়,বিনা ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড’ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত কোনো হজ বা ওমরাহ এজেন্সি নয়। অনুমোদনহীন প্রতিষ্ঠানের ব্যানারে হজ এজেন্সি, হজযাত্রী এবং অনুমোদনহীন হজ কাফেলা বা গ্রুপকে নিয়ে অনুষ্ঠান আয়োজন করা হলে হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা সৃষ্টি এবং প্রতারণামূলক কার্যক্রমের আশঙ্কা রয়েছে। এ অবস্থায় অনুষ্ঠানটি বন্ধে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানায় হাব। অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে বলা হয়েছে, বিনা ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড’-এর চেয়ারম্যান হাফিজ জিয়াউর রহমানের উদ্যোগে রোববার সন্ধ্যা ৭টায় সেনা মালঞ্চে হজের লিড ও সহযোগী এজেন্সিগুলোকে নিয়ে আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণ নিশ্চিত করতে আমন্ত্রণপত্রের সঙ্গে একটি অনলাইন নিবন্ধন ফরমও সংযুক্ত করা হয়।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
admin আপনার আশেপাশের তথ্য, সংবাদ, সমস্যা, সম্ভবনা, প্রতিভা, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সংগীত, ব্যবসা, বানিজ্য প্রতিটি তথ্যের বিন্দু বিসর্গ তুলে ধরতে চাই। এই চেষ্টায় আপনাদের সাথে চাই, পাশে চাই, সহযোগীতা, পরামর্শ তথ্য চাই। md.sumon71khobor@gmail.com