স্বাবলম্বী নারীই সম্ভাবনাময় দেশের ভিত্তি : ইমদাদুল হক মিলন

Aug 12, 2026 - 07:37
 0  0
স্বাবলম্বী নারীই সম্ভাবনাময় দেশের ভিত্তি : ইমদাদুল হক মিলন

নারীর অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত হলে পরিবার, সমাজ ও রাষ্ট্র- সব ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আসে। এই প্রত্যয়কে সামনে রেখে ‘স্বাবলম্বী নারী, সম্ভাবনাময় দেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও বসুন্ধরা শুভসংঘের প্রধান প্রখ্যাত কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন।

প্রধান অতিথির বক্তব্যে ইমদাদুল হক মিলন বলেন, একটি দেশের উন্নয়ন তখনই টেকসই হয়, যখন নারী ও পুরুষ সমানভাবে সেই উন্নয়নের অংশীদার হন। নারীদের পিছিয়ে রেখে কোনো জাতি কখনোই এগিয়ে যেতে পারে না। তিনি বলেন, একজন শিক্ষিত, দক্ষ ও স্বাবলম্বী নারী শুধু নিজের জীবনই বদলে দেন না, বরং একটি পরিবারকে আলোকিত করেন, সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলেন এবং সমাজকে ইতিবাচকভাবে প্রভাবিত করেন। তাই নারীর শিক্ষা, কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের যৌথ দায়িত্ব।

তিনি আরও বলেন, বাংলাদেশের নারীরা আজ কৃষি, শিল্প, ব্যবসা, প্রযুক্তি, চিকিৎসা, শিক্ষা, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে উদ্যোক্তা হিসেবে প্রতিটি ক্ষেত্রেই নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখছেন। তাদের এই অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে পরিবার ও সমাজকে ইতিবাচক মানসিকতা নিয়ে পাশে দাঁড়াতে হবে। নারীদের স্বপ্ন দেখার, সিদ্ধান্ত নেওয়ার এবং নেতৃত্ব দেওয়ার সুযোগ সৃষ্টি করতে পারলেই একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

সভাপতির বক্তব্যে জাকারিয়া জামান বলেন, নারীরা এখন শুধু পরিবারের গণ্ডিতে সীমাবদ্ধ নন; তারা শিক্ষা, চিকিৎসা, প্রশাসন, ব্যবসা, প্রযুক্তি ও উদ্যোক্তা হিসেবে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। নারীদের জন্য নিরাপদ ও সমান সুযোগ নিশ্চিত করা গেলে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর আর্থিক স্বাধীনতা শুধু একজন নারীর জীবনই বদলে দেয় না, বরং একটি পরিবারের জীবনমান উন্নত করে এবং দেশের অর্থনীতিকে শক্তিশালী করে। এজন্য নারী শিক্ষা, দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান এবং উদ্যোক্তা তৈরিতে সামাজিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, নারী-পুরুষের সমঅধিকার, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সহযোগিতামূলক পরিবেশ গড়ে তুলতে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্বাবলম্বী নারী গড়ে তোলার উদ্যোগে নিজেদের সম্পৃক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
admin আপনার আশেপাশের তথ্য, সংবাদ, সমস্যা, সম্ভবনা, প্রতিভা, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সংগীত, ব্যবসা, বানিজ্য প্রতিটি তথ্যের বিন্দু বিসর্গ তুলে ধরতে চাই। এই চেষ্টায় আপনাদের সাথে চাই, পাশে চাই, সহযোগীতা, পরামর্শ তথ্য চাই। md.sumon71khobor@gmail.com