রোনালদোকে নিয়েও ৪ গোল হজম করল আল নাসর

Sep 16, 2026 - 01:52
 0  1
রোনালদোকে নিয়েও ৪ গোল হজম করল আল নাসর

এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটে দুঃস্বপ্নের শুরু হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসরের। প্রতিযোগিতার প্রথম ম্যাচেই আল আইনের কাছে ৪-০ গোলে হেরেছে সৌদি আরবের ক্লাবটি। রোনালদো পুরো ম্যাচে ছিলেন দলের শুরুর একাদশে এবং অধিনায়কের দায়িত্বও পালন করেছেন। তবে দলকে বড় হার থেকে বাঁচাতে পারেননি তিনি।

ম্যাচের ২৫তম মিনিটে আল আইনকে এগিয়ে দেন হুসাইন রাহিমি। প্রথমার্ধে আর কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধে আরও তিনবার আল নাসরের জালে বল পাঠায় আমিরাতের ক্লাবটি।

৬৩তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রাহিমি। এরপর ৭২তম মিনিটে সুফিয়ান রাহিমি আল আইনের তৃতীয় গোলটি করেন। ম্যাচের শেষদিকে জর্জিওস গিয়াকুমাকিস চতুর্থ গোল করে আল নাসরের পরাজয় নিশ্চিত করেন।

আল নাসরে যোগ দেওয়ার পর রোনালদোর সময়ে এটিই দলটির সবচেয়ে বড় ব্যবধানের হার। ২০২৩ সালের জানুয়ারিতে সৌদি ক্লাবটিতে যোগ দেওয়ার পর এর আগে আল নাসরের বড় পরাজয় ছিল আল হিলালের বিপক্ষে। ২০২৩ সালের ডিসেম্বরে লিগে ৩-০ এবং ২০২৪ সালের আগস্টে সৌদি সুপার কাপে ৪-১ গোলে হেরেছিল রোনালদোর দল।

তবে রোনালদোর ক্যারিয়ারে ৪-০ ব্যবধানের হার নতুন কিছু নয়। ২০২২ সালের আগস্টে ব্রেন্টফোর্ডের কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের ৪-০ গোলের পরাজয়ের ম্যাচেও তিনি ছিলেন। এর আগে ২০২১ সালের অক্টোবরে লিভারপুলের কাছে ম্যানচেস্টার ইউনাইটেড ৫-০ এবং ২০১০ সালের নভেম্বরে বার্সেলোনার কাছে রিয়াল মাদ্রিদ একই ব্যবধানে হেরেছিল।

আল আইনের বিপক্ষে এই হার তাই আল নাসরের জন্য শুধু চ্যাম্পিয়নস লিগ এলিটে হতাশাজনক শুরুই নয়, রোনালদো সৌদি ক্লাবটিতে যোগ দেওয়ার পর দলটির সবচেয়ে বড় পরাজয়ও।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
admin আপনার আশেপাশের তথ্য, সংবাদ, সমস্যা, সম্ভবনা, প্রতিভা, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সংগীত, ব্যবসা, বানিজ্য প্রতিটি তথ্যের বিন্দু বিসর্গ তুলে ধরতে চাই। এই চেষ্টায় আপনাদের সাথে চাই, পাশে চাই, সহযোগীতা, পরামর্শ তথ্য চাই। md.sumon71khobor@gmail.com