যুক্তরাষ্ট্রকে সহায়তা করা শিপিং কোম্পানিগুলোকে কঠোর হুঁশিয়ারি ইরানের
যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমে সহায়তা করা শিপিং কোম্পানি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সামরিক এক কর্মকর্তার বরাত দিয়ে ইরানি সংবাদমাধ্যম নুরনিউজ এ তথ্য জানিয়েছে।
ওই কর্মকর্তা বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে সহায়তা করা বাণিজ্যিক ও সামুদ্রিক নেটওয়ার্কগুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।
কোনো কোম্পানি, জাহাজের মালিক বা সেবাদাতা প্রতিষ্ঠান জেনেশুনে ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক তৎপরতায় সহায়তা করলে তাদের বিরুদ্ধে আইনি, অর্থনৈতিক এবং পাল্টা নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা নেওয়া হবে।
ইরানের ওই কর্মকর্তা আরও বলেন, মার্কিন সেনাদের জন্য জ্বালানি, গোলাবারুদ, সামরিক সরঞ্জাম, খাবারসহ প্রয়োজনীয় পণ্য পরিবহণকে তেহরান শুধু সাধারণ বাণিজ্যিক কর্মকাণ্ড হিসেবে দেখবে না। বরং এসব কার্যক্রমকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধে সহায়তা হিসেবে বিবেচনা করা হবে।
ইরানের নজরদারিতে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে মারস্ক, স্কাইলার লাইন নেভিগেশন, ক্রাউলি গভর্নমেন্ট সার্ভিসেস, ওভারসিজ শিপহোল্ডিং গ্রুপ, সিবাল্ক ট্যাংকার্স, প্যাট্রিয়ট কনট্রাক্ট সার্ভিসেস-এর নাম উল্লেখ করা হয়েছে।
ওই সামরিক কর্মকর্তা সতর্ক করে বলেন, সামরিক অভিযানের প্রকৃতি জেনেও যারা ইরানের বিরুদ্ধে পরিচালিত অভিযানে বাণিজ্যিক ও সরবরাহ অবকাঠামো দিয়ে সহায়তা করবে, তাদের ভূমিকা ইরানের নজর এড়িয়ে যাবে—এমনটা ভাবার সুযোগ নেই।
তথ্যসূত্র: মিডল ইস্ট আই
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0