যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানাতে চীনের নেতৃত্বে ২৯ দেশের এআই জোট
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে চীনের নেতৃত্বে ২৯টি দেশ নিয়ে নতুন একটি বৈশ্বিক জোট গঠন করা হয়েছে। সাংহাইয়ে অনুষ্ঠিত বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনের (ডব্লিউএআইসি) ফাঁকে ‘ওয়ার্ল্ড এআই কো-অপারেশন অর্গানাইজেশন’ (ডব্লিউএআইসিও) নামে এই আন্তঃসরকারি সংস্থার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। বিশ্লেষকদের মতে, বৈশ্বিক এআই নীতিনির্ধারণে আরও বড় ভূমিকা রাখতে চায় বেইজিং।
চার দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ওপর কোনো একক দেশের আধিপত্য প্রতিষ্ঠিত হওয়া উচিত নয়। তিনি এআই খাতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
শি জিনপিং বলেন, এআই উন্নয়ন কোনো এক দেশের একক প্রদর্শনী নয়, বরং এটি আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র হওয়া উচিত। একই সঙ্গে তিনি এআই খাতে জাতীয় নিরাপত্তার বিষয়কে অতিরঞ্জিত না করার এবং প্রযুক্তিকে সব সময় মানুষের নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানান।
সম্মেলনের একদিন আগে আনুষ্ঠানিকভাবে গঠিত ডব্লিউএআইসিওর প্রতিষ্ঠাতা সদস্য ২৯টি দেশের মধ্যে রয়েছে ব্রাজিল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল, রাশিয়া ও পাকিস্তানসহ বৈশ্বিক দক্ষিণের (গ্লোবাল সাউথ) বেশ কয়েকটি দেশ। উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ বিভিন্ন দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সংস্থাটির লক্ষ্য হলো এআই প্রযুক্তি উন্নয়ন, নিরাপদ ব্যবহার এবং আন্তর্জাতিক নীতিমালা প্রণয়নে সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানো। পাশাপাশি বিভিন্ন দেশে এআই নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় সমন্বিত কাঠামো গড়ে তোলার উদ্যোগও নেওয়া হবে।
বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিযোগিতা তীব্র হয়েছে। উন্নত সেমিকন্ডাক্টর, ডেটা সেন্টার, এআই মডেল এবং প্রযুক্তি রপ্তানিকে ঘিরে দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও কৌশলগত টানাপোড়েন চলছে। এই প্রেক্ষাপটে নতুন এআই জোটকে বৈশ্বিক প্রযুক্তি নেতৃত্বে চীনের গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। তথ্যসূত্র: আল-জাজিরা
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0