মেয়ে ক্যাটরিনা বলিউডের তারকা, মা কেন থাকেন প্রত্যন্ত গ্রামে?
বলিউডে ক্যাটরিনা কাইফের জনপ্রিয়তা ও সাফল্য দীর্ঘদিনের। অভিনয়, খ্যাতি আর ঝলমলে জীবন নিয়ে মেয়ের ব্যস্ততার বিপরীতে তাঁর মা সুজান টরকোট বেছে নিয়েছেন একেবারেই সাধারণ জীবন। তামিলনাড়ুর প্রত্যন্ত এলাকায় থেকে সমাজসেবা ও শিশুদের শিক্ষার জন্য কাজ করে যাচ্ছেন তিনি।
সুজান একসময় লন্ডনে থাকতেন। ২০০৮ সালে সেখান থেকে তামিলনাড়ুতে চলে যান। গ্রামাঞ্চলের আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের শিশুদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্য নিয়ে সেখানে একটি স্বেচ্ছাসেবী সংস্থা গড়ে তোলেন তিনি। শুরুতে শিশুদের বিনামূল্যে শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষা নিয়ে কাজ করত সংস্থাটি।
২০১৫ সালে সুজান প্রতিষ্ঠা করেন ‘মাউন্টেন ভিউ স্কুল’। শুরুতে তিন থেকে পাঁচ বছর বয়সী ৩০ জনেরও কম শিশুকে নিয়ে স্কুলটির যাত্রা শুরু হয়। আশপাশের গ্রামের দরিদ্র পরিবারের শিশুরাই ছিল এর শিক্ষার্থী। সময়ের সঙ্গে স্কুলটি বড় হয়েছে। বর্তমানে সেখানে ৩০০-র বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে।
আট সন্তানকে একা হাতে বড় করেছেন সুজান। মায়ের জীবনযাপন ও সমাজসেবার কাজ নিয়ে এক সাক্ষাৎকারে ক্যাটরিনা জানিয়েছিলেন, তাঁর মা মাদুরাইয়ে থাকেন এবং নিজেই শিশুদের স্কুলে পড়ান।
ক্যাটরিনার ভাষায়, ‘আমার মা মাদুরাইয়ে থাকেন। সেখানে তিনি শিশুদের জন্য একটি স্কুল তৈরি করেছেন। তিনি নিজেই শিক্ষকতা করেন। সেখানে তিনি খুব খুশি। মায়ের সমাজসেবা এবং আশীর্বাদের কারণেই আমি জীবনে এতটা এগোতে পেরেছি।’
মায়ের জীবনযাপনের কঠিন দিকটিও এক সাক্ষাৎকারে তুলে ধরেছিলেন ক্যাটরিনা। তিনি জানান, প্রত্যন্ত ওই এলাকায় সব সময় বিদ্যুৎ থাকে না। দিনে প্রায় ১২ ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যায়। ফলে অনেক সময় মায়ের সঙ্গে ভিডিও কলে কথা বলাও সম্ভব হয় না। কখনও বিদ্যুৎ, আবার কখনও ইন্টারনেট না থাকায় সাধারণ ফোনে যোগাযোগ করতে হয়।
প্রচণ্ড গরমের মধ্যেও সেখানে শীতাতপ নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই বলেও জানিয়েছিলেন ক্যাটরিনা। এসব সীমাবদ্ধতার মধ্যেই বছরের পর বছর ধরে নিজের কাজ চালিয়ে যাচ্ছেন তাঁর মা।
ছোটবেলার অভিজ্ঞতার কথাও এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন ক্যাটরিনা। মায়ের সমাজসেবামূলক কাজের কারণে ছোটবেলা থেকেই তিনি ও তাঁর ভাইবোনেরা দারিদ্র্যের বাস্তবতার সঙ্গে পরিচিত হয়েছেন। বিভিন্ন দেশে থাকার সময় দরিদ্র মানুষের জীবন কাছ থেকে দেখেছেন বলেও জানান অভিনেত্রী।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0