বিএসএফের হাতে বাংলাদেশি বৃদ্ধ আটক, জবাবে দুই ভারতীয়কে ধরলেন স্থানীয়রা

Aug 11, 2026 - 04:57
 0  1
বিএসএফের হাতে বাংলাদেশি বৃদ্ধ আটক, জবাবে দুই ভারতীয়কে ধরলেন স্থানীয়রা

মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তের নোম্যান্সল্যান্ড এলাকায় কৃষিকাজ করার সময় আব্দুল মান্নান (৭০) নামে এক বাংলাদেশি বৃদ্ধকে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর জেরে সীমান্তবর্তী এলাকার স্থানীয়রা ভারতের দুই নাগরিককে আটক করে বিজিবির কাছে সোপর্দ করেছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। আটক আব্দুল মান্নান ইছাখালী মসজিদপাড়ার মৃত নুর বক্সের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, বাড়ির পাশের ঝালখেতে কীটনাশক ছিটানোর সময় ১২৪/৪-এস সীমান্ত পিলারের কাছ থেকে বিএসএফ সদস্যরা আব্দুল মান্নানকে আটক করে নিয়ে যান।

স্থানীয়রা জানান, আব্দুল মান্নান সীমান্তসংলগ্ন এলাকায় কৃষিকাজ করছিলেন। হঠাৎ বিএসএফ সদস্যরা তাকে আটক করে ভারতের দিকে নিয়ে যান। এ খবর ছড়িয়ে পড়লে সীমান্ত এলাকায় উত্তেজনা দেখা দেয়। এর কিছুক্ষণ পর ১২৩/৩-এস সীমান্ত পিলারসংলগ্ন এলাকা থেকে ভারতের লালবাজার গ্রামের দুই নাগরিককে আটক করেন স্থানীয়রা। পরে তাদের ইছাখালী বিজিবি ক্যাম্পে হস্তান্তর করা হয়।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, বাংলাদেশি ওই কৃষক সীমান্তসংলগ্ন ভারতীয় কৃষিজমিতে কাজ করার সময় বিএসএফ তাকে আটক করে। পরে স্থানীয়রা দুই ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির কাছে সোপর্দ করেন।

তিনি বলেন, বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আটক দুই দেশের নাগরিককে নিজ নিজ বাহিনীর কাছে হস্তান্তরের লক্ষ্যে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি দ্রুত নিষ্পত্তির চেষ্টা চলছে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
admin আপনার আশেপাশের তথ্য, সংবাদ, সমস্যা, সম্ভবনা, প্রতিভা, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সংগীত, ব্যবসা, বানিজ্য প্রতিটি তথ্যের বিন্দু বিসর্গ তুলে ধরতে চাই। এই চেষ্টায় আপনাদের সাথে চাই, পাশে চাই, সহযোগীতা, পরামর্শ তথ্য চাই। md.sumon71khobor@gmail.com