ফ্লিকের ডাকে সাড়া, রিয়ালকে প্রত্যাখ্যান করলেন রদ্রি

Aug 7, 2026 - 02:08
 0  1
ফ্লিকের ডাকে সাড়া, রিয়ালকে প্রত্যাখ্যান করলেন রদ্রি

ম্যানচেস্টার সিটির তারকা রদ্রি কেন চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে বেছে নিয়ে রিয়াল মাদ্রিদকে প্রত্যাখ্যান করেছেন—তা নিয়ে বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর তথ্য। দিনভর ইউরোপের বিভিন্ন গণমাধ্যমে শিরোনাম দখল করে রেখেছে রদ্রির এই বহুল আলোচিত ‘সিদ্ধান্ত’।

আগামী বছরগুলোতে স্প্যানিশ ফুটবলে আধিপত্য বিস্তারের লড়াইয়ে রদ্রির এই সিদ্ধান্ত হতে পারে এক বিশাল মোড়। অনেকের চোখেই বর্তমানে বিশ্বের সেরা এই মিডফিল্ডার সিদ্ধান্তে পৌঁছেছেন, হানসি ফ্লিকের বার্সেলোনায় যোগ দেওয়াই তাঁর ক্যারিয়ারের পরবর্তী যৌক্তিক পদক্ষেপ।

সপ্তাহজুড়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে জোর গুঞ্জন চললেও শেষ পর্যন্ত তাদের হতাশ হতে হচ্ছে। নতুন মৌসুমের আগে হোসে মরিনহো ও তাঁর কোচিং স্টাফদের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় ধাক্কা।

তাহলে মাদ্রিদ থেকে মুখ ফিরিয়ে কাতালোনিয়ার দিকে ঝুঁকতে রদ্রির জন্য নির্ণায়ক ভূমিকা পালন করেছিল কোনটি? স্প্যানিশ গণমাধ্যম 'মুন্দো দেপোর্তিভো' আজ সন্ধ্যায় ঠিক সেই বিষয়টিই প্রকাশ করেছে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ‘৩০ বছর বয়সী রদ্রি মনে করেন, বার্সেলোনার খেলার ধরনের সঙ্গে তাঁর খেলার শৈলী বেশি মেলে। এমনকি স্প্যানিশ জাতীয় দলে তাঁর সঙ্গে খেলা অনেক খেলোয়াড়ের সঙ্গেও তাঁর ব্যক্তিগত সুসম্পর্ক রয়েছে। প্রস্তাবটি বিবেচনা করার জন্য তিনি সময় নিয়েছিলেন এবং শেষ পর্যন্ত বার্সাকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন।’

ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের দীর্ঘমেয়াদি চোটের কারণেই রদ্রিকে দলে নেওয়ার পরিকল্পনা হাতে নেয় বার্সা। ডান হাঁটুর মিডিয়াল কোলাটেরাল লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হতে পারে এই ডাচ মিডফিল্ডারকে। অস্ত্রোপচারের পথে না হাঁটলে সুস্থ হতে চার মাস পর্যন্ত সময় লাগতে পারে।

তাতে কাজ না হলে অস্ত্রোপচারের পথে যেতে হতে পারে, যা আরও লম্বা সময় নেবে। সাম্প্রতিক বছরগুলোয় চোটের কারণে তিনি বার্সার অনেক ম্যাচ মিস করেছেন। তাঁর বিকল্প হিসেবে একজন অভিজ্ঞ মিডফিল্ডার খুঁজছিল বার্সেলোনা।

জার্মান ফুটবল মিডিয়া ওয়ানফুটবলের প্রতিবেদনে বলা হয়েছে, রদ্রিকে ক্যাম্প ন্যুতে নিয়ে আসার প্রক্রিয়ায় ফ্লিক নাকি কাতালান ক্লাবটির ক্রীড়া পরিচালকের ওপর ভরসা রাখতে পারেননি। জার্মান এই কোচ দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। মাদ্রিদে জন্ম নেওয়া এই ফুটবলার বার্সার ভবিষ্যৎ পরিকল্পনায় কতটা গুরুত্ব বহন করেন, সেটি সরাসরি বোঝাতে রদ্রির সঙ্গে ফোনে কথা বলেন ফ্লিক।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
admin আপনার আশেপাশের তথ্য, সংবাদ, সমস্যা, সম্ভবনা, প্রতিভা, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সংগীত, ব্যবসা, বানিজ্য প্রতিটি তথ্যের বিন্দু বিসর্গ তুলে ধরতে চাই। এই চেষ্টায় আপনাদের সাথে চাই, পাশে চাই, সহযোগীতা, পরামর্শ তথ্য চাই। md.sumon71khobor@gmail.com