প্রেসিডেন্ট নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ

Aug 9, 2026 - 22:28
 0  3
প্রেসিডেন্ট নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ

প্রেসিডেন্ট নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হচ্ছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম। গতকাল রাজধানীর মিন্টু রোডে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের সিনিয়র নেতাদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

প্রেসিডেন্ট পদে ১১-দলীয় ঐক্যের প্রার্থী হওয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। তিনি ১১-দলীয় ঐক্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, একজন মুক্তিযোদ্ধা হিসেবে এবং পরীক্ষিত একজন লোক, যার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নাই, শিক্ষাগত যোগ্যতার কোনো অভিযোগ নাই, সুন্দরভাবে জীবন যাপন করেছি বিধায় সবাই সর্বসম্মতিক্রমে আমার নাম প্রস্তাব করেছে। তিনি জাতি, ১১-দলীয় ঐক্যজোট ও সব নেতা–কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান। অলি আহমদ বলেন, প্রার্থী চূড়ান্ত করার মাধ্যমে ১১-দলীয় ঐক্য জনগণকে বার্তা দিতে চায় যে কর্নেল অলি দেশের অভিভাবকত্বের যোগ্য। প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণই একটি গুরুত্বপূর্ণ বার্তা। গণতন্ত্রের জন্যও এই প্রক্রিয়া প্রতিযোগিতামূলক ও অংশগ্রহণমূলক হওয়া উচিত। জনগণের পাশে সব সময় তাঁদের স্বার্থরক্ষার জন্য দাঁড়াবেন বলেও জানান অলি আহমদ।

প্রার্থী মনোনয়ন নিয়ে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সংবাদ সম্মেলনে যোগ দিয়ে বলেন, গণতন্ত্রের সৌন্দর্যের জন্য এটা (প্রেসিডেন্ট পদে প্রার্থী দেওয়া) দায়িত্ব হিসেবে আমরা নিয়েছি। আমরা মনে করি যে সর্বক্ষেত্রে রাজনীতি স্বচ্ছ হওয়া উচিত, প্রতিদ্বন্দিতামূলক হওয়া উচিত। তাহলে গণতন্ত্রের গতি ফিরে আসবে। গণতন্ত্রকে আরও প্রাতিষ্ঠানিক ও গতিশীল করার জন্যই আমরা প্রেসিডেন্ট প্রার্থী দিয়েছি।

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিএনপি সংস্কারের পথে হাঁটলে ঐক্যবদ্ধভাবে ক্ষমতাসীন ও বিরোধী দল মিলে এককভাবে প্রেসিডেন্ট পদে প্রার্থী দেওয়া যেত। কিন্তু তারা সেটা করেনি। এ জন্য ১১-দলীয় ঐক্যের পক্ষ থেকে আলাদাভাবে প্রেসিডেন্ট পদে প্রার্থী দেওয়া হচ্ছে। এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠন করে প্রেসিডেন্ট নির্বাচন হলে তখন ব্যক্তির চেয়ে প্রক্রিয়া বেশি গুরুত্বপূর্ণ হতো। বিএনপি এই প্রক্রিয়া পরিবর্তন না করে প্রেসিডেন্ট পদটাকে দলীয় ব্যাপার হিসেবে নিয়েছে।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, যোগ্য একজন প্রার্থীকে মনোনয়ন দিতে পারায় আমরা আনন্দিত। অলি আহমদ প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আগামীর বাংলাদেশকে সঠিক ধারায় নেতৃত্ব দিবেন এটা আমরা আশা করি।

বাংলাদেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচনের লক্ষ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুসারে, মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এরপর যাচাই-বাছাই হবে। ১৮ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। জাতীয় সংসদের অধিবেশনকক্ষে ভোট গ্রহণ ২০ আগস্ট। সংবিধান অনুসারে, প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেবেন সংসদ সদস্যরা। প্রার্থী হওয়ার ক্ষেত্রেও একজন সংসদ সদস্যের সমর্থন ও প্রস্তাব প্রয়োজন হয়।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘনিন্ঠ সহচর কর্নেল (অব.) অলি আহমদ বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন। জিয়াউর রহমানের অধীনে মুক্তিযুদ্ধে অংশে নেন তিনি। স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করে। প্রেসিডেন্ট জিয়ার সরকারে মন্ত্রীও ছিলেন কর্নেল অলি। খালেদা জিয়ার প্রথম সরকারেও তিনি মন্ত্রী ছিলেন। ২০০১ সালে তিনি চট্টগ্রাম-১৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। চট্টগ্রাম-১৩ আসনে জিতলেও সে নির্বাচনে তৎকালীন চট্টগ্রাম-১৪ আসনে জামায়াতের শাহজাহান চৌধুরীর কাছে হেরে যান তিনি। ওই নির্বাচনে সারাদেশে বিএনপি-জামায়াতের জোট হলেও উভয় দলের জন্য চট্টগ্রাম-১৪ উন্মুক্ত ছিল। ২০০১ সালে কর্নেল অলি খালেদা জিয়ার সরকারের মন্ত্রিসভায় স্থান পাননি। ২০০৬ সালে বিএনপি ছেড়ে সাবেক প্রেসিডেন্ট এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর সাথে এলডিপি গঠন করেন কর্নেল অলি। তাঁর সঙ্গে সেই সময়ে বিএনপির ৩২ জন এমপি দল ছাড়েন। যা ছিল বিএনপির ইতিহাসে সবচেয়ে বড় ভাঙন। ২০০৮ সালে এককভাবে নির্বাচন করে জয়ী হন কর্নেল অলি। ২০১২ সালে তিনি খালেদা জিয়ার ডাকে বিএনপির জোটে যোগ দেন। আসন নিয়ে টানাপোড়েনে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে জামায়াত জোটে যোগ দেয় কর্নেল অলির এলডিপি।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
admin আপনার আশেপাশের তথ্য, সংবাদ, সমস্যা, সম্ভবনা, প্রতিভা, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সংগীত, ব্যবসা, বানিজ্য প্রতিটি তথ্যের বিন্দু বিসর্গ তুলে ধরতে চাই। এই চেষ্টায় আপনাদের সাথে চাই, পাশে চাই, সহযোগীতা, পরামর্শ তথ্য চাই। md.sumon71khobor@gmail.com