প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী দেবে জামায়াত
আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
দলীয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনার পর নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়। এ লক্ষ্যে আজ রোববার (৯ আগস্ট) ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকেই বিরোধী দলের একক প্রার্থী চূড়ান্ত ও নাম ঘোষণা করা হতে পারে।
এদিকে নির্বাচন কমিশন গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট ভোট গ্রহণ হবে। সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিএনপিও দলীয় প্রার্থী মনোনয়নের প্রক্রিয়া এগিয়ে নিয়েছে। গত ১ আগস্ট দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে প্রেসিডেন্ট পদে প্রার্থী মনোনয়নের দায়িত্ব প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান তারেক রহমানের ওপর দেওয়া হয়। ফলে রাষ্ট্রপতি পদে সরকারি ও বিরোধী পক্ষের সম্ভাব্য প্রার্থী নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তীব্র হয়েছে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0
