দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয় : রিজভী

Aug 24, 2026 - 23:34
 0  2
দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয় : রিজভী

বিএনপির ৪৮ বছরের ইতিহাসে প্রথম জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কোনো নেতা দলটির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন। তিনি আর কেউ নন ছাত্রদলের সাবেক নির্বাচিত সভাপতি রাকসু’র সাবেক ভিপি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তার এই প্রাপ্তিতে দায়িত্ব পাওয়ার দিন অর্থাৎ গত ২০ আগস্ট থেকে দলটির সাবেক এবং বর্তমান তরুণ নেতাকর্মী বিশেষ করে অঙ্গ এবং সহযোগী সংগঠনের মাঝে বাড়তি উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। যার প্রমাণ গতকাল সোমবার দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে শেরে-ই বাংলা নগরে জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে পাওয়া গেছে। এই কর্মসূচি উপলক্ষে জিয়া উদ্যানে সকাল থেকে দলীয় নেতাকর্মীরা আসতে থাকে।

দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করায় দল থেকে বহিষ্কৃত সাইফুল আলম নিরবও বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে এই কর্মসূচিতে অংশ নেন। এদিন দুপুর ১২ টার দিকে যখন রুহুল কবির রিজভী শহীদ জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তখন পুরো এলাকা একটা সমাবেশে রূপ নেয়। শ্রদ্ধা জানানোর পর প্রিয় নেতাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারম্যান আমাকে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দিয়েছেন। এখন আমাদের কর্তব্য হবে দলকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করা। দলের চেয়ারম্যান তারেক রহমান নির্দেশিত যে সাংগঠনিক কর্মকাণ্ড চলমান আছে, তা যাতে সুসম্পন্ন ও সুসংগঠিত এবং সুন্দরভাবে নিষ্পন্ন করা যায় আমরা সেই চেষ্টা করব।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী নেতাকর্মীদের সতর্ক করে বলেন, দলের নাম ভাঙিয়ে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডে না জড়াতে। তিনি বলেন, ৫ আগস্টের পর দলের নাম ভাঙিয়ে অপকর্মে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দলের চেয়ারম্যান তারেক রহমান কঠোর পদক্ষেপ নিয়েছেন। তাই নেতাকর্মীদের গঠনমূলক কাজে যুক্ত থেকে দলকে শক্তিশালী করতে হবে।
রিজভী বলেন, তার প্রধান দায়িত্ব হবে দলকে সুশৃঙ্খল ও সুসমন্বিতভাবে পরিচালনা করা। দলের চেয়ারম্যানের নির্দেশিত সাংগঠনিক কর্মকাণ্ড যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেদিকেই তিনি কাজ করবেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, জনগণের শুভেচ্ছা ও সমর্থন নিয়ে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এসেছে এবং তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছে। তার ঘোষিত কর্মসূচিগুলো জনগণের স্বার্থ, মানবকল্যাণ, সামাজিক সুরক্ষা ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে নেওয়া হয়েছে। এসব কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা করতে হবে এবং সরকারের পদক্ষেপগুলো জনগণের কাছে তুলে ধরতে হবে।

তিনি বলেন, দলের নেতাকর্মীরা জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকলে কেউ অনৈতিক চিন্তা করার সুযোগ পাবে না। সরকারের প্রতিটি কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করা হয়েছে উল্লেখ করে রিজভী বলেন, জনস্বার্থের বাইরে বিএনপি কোনো কাজ করবে না।
বিএনপির জনপ্রিয়তার প্রসঙ্গে তিনি বলেন, জিয়াউর রহমান এবং খালেদা জিয়া জনকল্যাণে কাজ করেছেন। নারীর ক্ষমতায়ন ও দেশের আর্থিক উন্নয়নে তাদের নেওয়া পদক্ষেপ বিএনপির জনপ্রিয়তা বাড়িয়েছে। তারই ধারাবাহিকতায় তারেক রহমান নতুন কিছু কর্মসূচি বাস্তবায়ন করছেন, যেগুলো জনগণের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে বলেও দাবি করেন তিনি।

রিজভী বলেন, দলের নেতাকর্মীরা এসব কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করবেন এবং জনগণের কাছে তা তুলে ধরবেন। এর মাধ্যমে বিএনপির জনপ্রিয়তা আরও বাড়বে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, ইউনিয়ন, উপজেলা, থানা ও জেলা পর্যায়ের নেতারা সবকিছু যাচাই-বাছাই করে ইউপি নির্বাচনে যোগ্য প্রার্থীকে সমর্থন দেবেন। কারণ এবার দলীয় প্রতীকে নির্বাচন হবে না। দলের নেতাকর্মী ও সমর্থকরা দলীয় সমর্থিত প্রার্থীর পাশে থাকবেন এবং একজন দলীয় সমর্থিত ব্যক্তি অবশ্যই নির্বাচিত হবেন।
রিজভী দাবি করেন, এত অপপ্রচার, চক্রান্ত ও ষড়যন্ত্রের পরও জরিপে বিএনপির জনপ্রিয়তা ৫৪, ৫৫ বা ৫৬ শতাংশের মতো রয়েছে। ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা আরও বেশি—৬৫ থেকে ৬৬ শতাংশ।
তিনি বলেন, জনগণের পক্ষে, জনগণের স্বার্থে এবং জনগণের জন্য কাজ করলে সেই দলের সরকার কোনো দিনই ব্যর্থ হবে না। সেই সরকার জনগণের সমাদৃত সরকার হিসেবে দায়িত্ব পালন করবে।

শ্রদ্ধা নিবেদনের সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, কেন্দ্রীয় নেতা আমিরুল ইসলাম খান আলিম, মাহবুবুর রহমান নান্নু, মোহাম্মদ মুনির হোসেন, রফিকুল আলম মজনু, মীর নেওয়াজ আলী, আবদুল কাদির ভূইয়া জুয়েল, এস এম জাহাঙ্গীর, তানভীর আহমেদ রবিন, ফজলুর রহমান খোকন, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এছাড়া বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন এলাকার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
admin আপনার আশেপাশের তথ্য, সংবাদ, সমস্যা, সম্ভবনা, প্রতিভা, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সংগীত, ব্যবসা, বানিজ্য প্রতিটি তথ্যের বিন্দু বিসর্গ তুলে ধরতে চাই। এই চেষ্টায় আপনাদের সাথে চাই, পাশে চাই, সহযোগীতা, পরামর্শ তথ্য চাই। md.sumon71khobor@gmail.com