‘তোমরা বাংলাদেশি’ বলেই মুসলিম দম্পতিকে বেদম কিল-ঘুষি-লাথি মারলেন ভারতের চিকিৎসক
এক দম্পতিকে ‘বাংলাদেশি নাগরিক’ এবং পূর্বে ভারত থেকে বিতাড়িত বলে দাবি করে ভয়ভীতি প্রদর্শন ও মারধরের অভিযোগে গত বৃহস্পতিবার এক চিকিৎসককে গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ। তবে পুলিশ জানিয়েছে, আক্রান্ত দম্পতির জাতীয়তা ও অভিবাসন সংক্রান্ত তথ্যের সত্যতা এখনও যাচাই করা হয়নি।
পুলিশের তথ্যমতে, নগরের একটি ক্লিনিক পরিচালনাকারী ড. নাগেন্দ্রপ্পা নামের ওই চিকিৎসক গত বুধবার সকালে রাস্তায় নাসরিনা (২৩) ও তাঁর স্বামী মোহাম্মদ বিলালের পথরোধ করেন।
ভুক্তভোগী নাসরিনা তাঁর অভিযোগে জানান, ড. নাগেন্দ্রপ্পা প্রথমে তাঁদের জাতীয়তা তুলে হিন্দিতে গালাগাল করেন এবং পরে তাঁকে টেনে-হিঁচড়ে মারধর করেন। এরপর তিনি বিলালের ওপর চড়াও হন; তাঁর মাথা ও পিঠে সজোরে আঘাত করেন, মাটিতে ফেলে লাথি মারেন এবং ঘটনাটি কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেন।
গ্রেফতার হওয়ার ঠিক আগেই অভিযুক্ত চিকিৎসক ফেসবুকে ওই বাকবিতণ্ডার একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, তিনি দম্পতিটিকে বাংলাদেশি এবং পূর্বে বিতাড়িত হওয়া সত্ত্বেও আবার ভারতে প্রবেশ করার অভিযোগ তুলছেন।এর জবাবে আক্রান্ত যুবক বিলালকে স্থানীয় কান্নাড়া ভাষায় স্পষ্ট বলতে শোনা যায় যে, তিনি গত ২০ বছর ধরে বেঙ্গালুরুতেই বসবাস করছেন। ভিডিও ক্লিপটিতে অভিযুক্ত চিকিৎসককে বিলালের মুখে চড় মারতেও দেখা যায়।
বেলান্দুর থানার পুলিশ অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে মারধর, নারীর শ্লীলতাহানি, বেআইনিভাবে পথরোধ এবং অপরাধমূলক হুমকির অভিযোগে মামলা দায়ের করেছে। তদন্তকারী এক পুলিশ কর্মকর্তা জানান, "আমরা ঘটনার বিস্তারিত তদন্ত চালিয়ে যাচ্ছি।"উল্লেখ্য, গ্রেফতারের পরদিন অর্থাৎ শুক্রবার ড. নাগেন্দ্রপ্পা আদালত থেকে জামিনে মুক্তি পান।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0