ইরানের কাছে হরমুজ প্রণালি পারমাণবিক অস্ত্রের সমান, দাবি রাশিয়ার

Jul 5, 2026 - 05:42
 0  1
ইরানের কাছে হরমুজ প্রণালি পারমাণবিক অস্ত্রের সমান, দাবি রাশিয়ার

হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ দেশটির জন্য ‘পারমাণবিক অস্ত্রের’ মতোই একটি শক্তিশালী কৌশলগত হাতিয়ার বলে মন্তব্য করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। তাঁর মতে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ নিয়ন্ত্রণের সক্ষমতা তেহরানের ভূরাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করেছে।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সফর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেদভেদেভ বলেন, মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হলে ইরান বাব আল-মান্দেব প্রণালিতেও জাহাজ চলাচল বাধাগ্রস্ত করতে পারে। এমন পরিস্থিতি তৈরি হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট বলেন, তিনি আশা করেন পরিস্থিতি সেই পর্যায়ে পৌঁছাবে না। তবে যারা মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও উত্তেজনা বাড়াতে চাইছে, তাদের এই সম্ভাব্য পরিণতি মাথায় রাখা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

মেদভেদেভ সাম্প্রতিক সময়ে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলারও সমালোচনা করেন। তাঁর দাবি, যখন দুই দেশের মধ্যে আলোচনা চলছিল, তখন ইরান যুক্তরাষ্ট্রের জন্য কোনো তাৎক্ষণিক হুমকি ছিল না। তাই ওই হামলা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক প্রচেষ্টার পরিপন্থী।

তিনি আরও বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা কমাতে রাশিয়া আগে থেকেই শান্তিপূর্ণ সমাধানের প্রস্তাব দিয়েছিল। তাঁর মতে, সংঘাতের পরিবর্তে আলোচনা ও সমঝোতার পথই দীর্ঘমেয়াদে কার্যকর হতে পারে। তবে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের পুনর্গঠনে অর্থায়নের মতো বিষয়ে সমঝোতায় পৌঁছানো সহজ হবে না বলেও তিনি সতর্ক করেন।

 মেদভেদেভ জানান, পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে থাকা দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়াতে একটি যৌথ প্ল্যাটফর্ম গঠনের বিষয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। তাঁর ভাষ্য, রাশিয়া শুরু থেকেই এসব নিষেধাজ্ঞাকে অবৈধ বলে মনে করে এবং এ বিষয়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার পক্ষে রয়েছে।

 ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার আনুষ্ঠানিকতার ফাঁকে গত শুক্রবার তেহরানে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেন মেদভেদেভ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত হিসেবে তিনি মস্কোর পক্ষ থেকে শোক জানাতে ইরান সফর করেন।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
admin আপনার আশেপাশের তথ্য, সংবাদ, সমস্যা, সম্ভবনা, প্রতিভা, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সংগীত, ব্যবসা, বানিজ্য প্রতিটি তথ্যের বিন্দু বিসর্গ তুলে ধরতে চাই। এই চেষ্টায় আপনাদের সাথে চাই, পাশে চাই, সহযোগীতা, পরামর্শ তথ্য চাই। md.sumon71khobor@gmail.com